
নিউজ ডেক্স : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হাত-পা বেঁধে এক নিঃসন্তান বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আমেনা খাতুন নামে ৭০ বছর বয়সী সেই বৃদ্ধা একাই সেই বাড়িতে থাকতেন।
গতকাল শনিবার রাতে কে বা কারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছে, তাঁর বাড়িতে গত রাতে জিনিসপত্র লুটপাট করেছে দুষ্কৃতিকারীরা। এরপর তাঁকে হাত-পা বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। আমেনা খাতুনের বাবার নাম আব্দুল গফুর।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃষ্ণ কর্মকার বলেন, নিহত আমেনা বিবি কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর আমিনা বেগম বাবার বাড়িতেই থাকতেন। শনিবার রাতে তার হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এছাড়া এটি হত্যা নাকি অন্য কোনো বিষয় এর সঙ্গে জড়িত তা জানতে ভিন্ন একটি টিম কাজ শুরু করেছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি। বিষয়টি তদারক করছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মোহাম্মদ আফসারউদ্দিন খাঁন। পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner