
এলনিউজ২৪ডটকম : সৌদিয়া আরবে ব্রেইন স্ট্রোকে হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান রিয়াদ (২৫) নামে লোহাগাড়ার এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় মক্কা নগরীর আল নুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আসাদুজ্জামান রিয়াদ উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম.চর হাট বাজার এলাকার মাস্টার মঞ্জুরুল আলমের পুত্র।
নিহতের বড় ভাই সৌদিয়া প্রবাসী আলীমুজ্জামান রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ছোট ভাই আসাদুজ্জামান রিয়াদ প্রায় ৩ মাস পূর্বে ব্রেইন স্ট্রোক করে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা নিয়ে আসছিল। অবস্থার অবনতি হলে গত ২ জুন তাকে মক্কা নগরীর আল নুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরী বিভাগে (আইসিইউ) থাকা অবস্থায় গত ৬ জুন তার মাথায় অপারেশন হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, প্রায় সাড়ে ৩ বছর পূর্বে তার ছোট ভাই সৌদিয়া আরব এসেছিল। এখানে সে ব্যবসা করতো। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত মতে তার লাশ সেখানেই দাফন করা হবে।

এদিকে, হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান রিয়াদের মৃত্যুর খবর পরিবার ও স্বজনদের মাঝে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। এছাড়া অনেক শুভাকাঙ্খি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner