
এলনিউজ২৪ডটকম : আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয় করতে অবলম্বন করছেন নানা কৌশল। প্রতিটি প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে লোহাগাড়া জামায়াত অধ্যুষিত এলাকা। এখানে রয়েছে জামায়াতের বিশাল ভোট ব্যাংক। এবার উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের কোন প্রার্থী নাই। তাই তারা এবার উপজেলা পরিষদ নির্বাচনে কোন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিচ্ছেন তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।
গতো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতের প্রার্থী এডভোকেট ফরিদ উদ্দিন খান। বিভিন্ন কারণে তিনি উপজেলা চেয়ারম্যান পদে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি। এছাড়াও জামায়াতের ভাইস চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা বেগম এবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

তবে জামায়াতের একাধিক বিশ্বস্থ সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কোন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দেননি। আদৌ তারা কোন প্রার্থীকে সমর্থন দিবেন কিনা তাও এখনো নিশ্চিত হননি। তবে সকল প্রার্থী তাদের সমর্থন আদায়ে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
সচেতন মহল মনে করছেন, লোহাগাড়ায় জামায়াতের রয়েছে বিশাল ভোট ব্যাংক। যেই প্রার্থীকে জামায়াত সমর্থন দিবেন তিনিই সহজে জয়লাভ করবেন। ইতোমধ্যে সকল প্রার্থী জামায়াতের সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন। তবে এখনো পর্যন্ত তারা কোন প্রার্থীকে সমর্থন দেননি বলে জানা গেছে। কোন প্রার্থীকে সমর্থন দিবেন কিনা তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। হয়তো কোন প্রার্থী নির্বাচিত হলে তারা নিরাপদ ও হয়রানীমুক্ত থাকতে পারবেন তা এখনো পর্যবেক্ষণ করছেন। ভোটের আগের দিন ওই প্রার্থীকে সমর্থন দিতে পারেন এমনটি আশংকা করছেন অভিজ্ঞ মহল।
উল্লেখ্য, লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে খোরশেদ আলম চৌধুরী (নৌকা), জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস), এস এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন (দোয়াত কলম), মাহমুদুল হক পেয়ারু (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে এম ইব্রাহিম কবির (টিউবওয়েল), মিজানুর রহমান (মাইক), এম এস মামুন (চশমা) ও আরমান বাবু রোমেল (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে কলাউজানের জেসমিন আক্তার (ফুটবল), লোহাগাড়ার জেসমিন আক্তার (কলসী), পারভিন আক্তার (প্রজাপতি) ও শাহিন আক্তার সানা (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোহাগাড়ায় ৯ ইউনিয়নে সর্বমোট মোট ১ লাখ ৯০ হাজারের অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner