
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে প্রাইভেটকারের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল (৫০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল কক্সবাজারের টেকনাফ পৌরসভার গুদার বিল এলাকার আবদুস সালামের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারের সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner