ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় জামায়াত প্রার্থী ও ইউনিয়ন আমিরকে পৃথক কারণ দর্শানোর নোটিশ

লোহাগাড়ায় জামায়াত প্রার্থী ও ইউনিয়ন আমিরকে পৃথক কারণ দর্শানোর নোটিশ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের একই অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমিরকে পৃথক কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।

যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী এলাকায় (চট্টগ্রাম- ১৫ আসন) ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ প্রার্থী মোহাম্মদ শাহাজাহান চৌধুরীকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিনকে এই নোটিশ জারি করেন। উভয়ের কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে পৃথক আবেদন করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন চৌধুরী।

গত ১৪ জানুয়ারি (বুধবার) ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ইলেকট্রোরাল এনকোয়ারী কমিটি বরাবর অভিযোগ করা হয়েছে প্রতীক বরাদ্দের আগে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বার্ষিক প্রীতিভোজ নামক আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন ‘দাঁড়ি পাল্লা’ প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন। উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনি প্রচারণার অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১১টায় অভিযোগের বিষয়ে প্রার্থীর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদনসহ সুপারিশ প্রেরণ করা হবে না নোটিশ দাতার অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নিদের্শ দেয়া হয়েছে।

অপরদিকে, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর উপস্থিতিতে একটি বার্ষিক প্রীতিভোজের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ‘দাঁড়ি পাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন ইউনিয়ন আমির মো. জসিম উদ্দিন। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে যেকোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। উক্ত কার্যকলাপ নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষার পরিপন্থী। উক্ত নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!