
নিউজ ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দুই দলকেই বলে দিয়েছি, এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনারকন্যা ডরিনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এগুলো তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের পক্ষ থেকে ডিবি পুলিশকে কোন রকমের চাপ প্রয়োগ করা হয়নি। আমাদের ডিবি পুলিশ এবং ভারতের পুলিশও এই হত্যা মামলা তদন্ত করছে। সুতরাং কোনো জায়গায় কোনো ফাঁকফোকর থাকবে বলে আমার মনে হয় না।

সেন্টমার্টিন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেন্টমার্টিনে কিছুই হয়নি তো। মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশই দখল করে ফেলেছে। সেই কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহলবাহিনীর উপরেও গুলি করেছিল। তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের যেটা জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি, তাহলে সেখানে আর তারা গুলি করবে না।
তিনি আরও বলেন, আপনারা জানেন সেন্টমার্টিন যেতে হলে আমাদের নাফ নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে, মিয়ানমারের অংশ দিয়েই যেতে হয়, সেখানেই এই বিপত্তিটা ঘটে। কখনো মিয়ানমার আর্মি, আবার কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দুজনকেই বলে দিয়েছি, এরপর আমাদের গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। সেখানে এখন আর কোনো গোলাগুলি হচ্ছে না। সেখানে মিয়ানমারের দুটি জাহাজ ছিল, সেটিও তারা ফেরত নিয়ে গেছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলবেন।
Lohagaranews24 Your Trusted News Partner