
নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগরের হালিশহরে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে লিজা আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। তিনি হালিশহর এ ব্লকের শফির কলোনির বাসিন্দা শাহীন উদ্দিনের স্ত্রী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে গামছা পেঁচিয়ে লিজা আত্মহত্যা করে। নিহতের স্বামীর বড় ভাই আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন। জাগো নিউজ
তিনি বলেন, ‘আমার ছোট ভাই শাহীন উদ্দিনের সঙ্গে ৪-৫ মাস আগে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে লিজা স্বামীর বাড়িতে সবসময় মন খারাপ করে বসে থাকত। মন খারাপের বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে লিজা আরেক ছেলের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে এবং ওই ছেলে তার বোনের দেবর বলে জানায়।’

আলাউদ্দিন আরও বলেন, ‘এ বিষয়ে কয়েকবার আমার ছোট ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হলে গতমাসে লিজা বাবার বাড়ি চলে যায়। ৫ দিন আগে তিনি বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসলেও আবার মনখারাপ করে বসে থাকে। আজ দুপুরে লিজা খাওয়া-দাওয়া শেষে নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি আমরা টের পেলে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে মারা গেছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেষ্টা করা এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ মর্গে আছে।’
Lohagaranews24 Your Trusted News Partner