ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | শতাধিক নেতাকর্মী নিয়ে সভা করলো ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ

শতাধিক নেতাকর্মী নিয়ে সভা করলো ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ

নিউজ ডেক্স: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার অনেক ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দিনের যেকোনো সময়ে ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন মাইজভাণ্ডার দরবার সড়কের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে নির্মিত ঐতিহাসিক হাজার মানুষের জন্য একসাথে রান্নার উপযোগী (ডেকসি) ঘরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা একটি হলের মঞ্চে বক্তব্য দিচ্ছেন। তাঁদের পেছনে একটি ব্যানার টাঙানো। ব্যানারে লেখা রয়েছে—‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। মঞ্চের সামনে বসাছিলো শতাধিক নেতাকর্মী।

জানা যায়- সভায় বক্তারা দাবি করেন, মামলা, হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও ছাত্রলীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনের অতীত ঐতিহ্য ও রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় কারাগার ফেরত ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। ছাত্রনেতারা তাদের বক্তব্যে বলেন, রাজনৈতিক আদর্শ ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করেছেন। ভবিষ্যতেও সংগঠনের কর্মীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রকাশ্য কর্মসূচি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনা জানতে পারে সেদিন রাতেই ওই এলাকায়া শতাধিক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। ‘

তিনি বলেন, ‘কারা সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে তদন্তের স্বার্থে থানায় নেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি ওসি। তিনি জানান, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

সভা শেষে নেতাকর্মীরা সকল প্রতিকূলতা মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সভার ছবি ভিডিও পোস্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!