
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় ভাবীর হাতে দেবর মো. ইউনুছ (৪০) খুনের ঘটনায় মামলা রুজু হয়েছে। বুধবার (২৩ জুন) রাতে নিহতের স্ত্রী রেহেনা আক্তার বুলু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে এজাহারনামীয় আসামী করা হয়েছে।
তারা হলেন, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুমিরাঘোনা জঙ্গলী পীর পাড়ার মৃত আলী আহমদের পুত্র মো. ইউসুফ (৪৮) ও তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার (২০)।
লোহাগাড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, এজাহারে পারিবারিক কলহের জের ধরে ভাবী নাছিমা আক্তারের ছুরিকাঘাতে দেবর মো. ইউনুছ খুন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে ছুরিকাঘাতে নিহত ইউনুছের নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় ভাবীর ছুরিকাঘাতে নিহত হন দেবর মো. ইউনুছ (৪০)। এরপর ঘটনাস্থল থেকেই ভাবী নাছিমা আক্তার ও বড় ভাই মো. ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner