
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে ৫ হাজার পিস দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল নগরীর কোতোয়ালী এনায়েত বাজার জুবলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের পুত্র মো. আনোয়ারুল হক (৫২) ও চাঁদপুরের ফরিদগঞ্জ বিশকাটালী চরদুবিয়া এলাকার ফাজিল বেপারী পুত্র আবদুল হামিদ ড্রাইভার (৫০)।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সেলিম মিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি।

এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner