
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মহিলাসহ ৫ ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত পিকআপ ও মিনিট্রাক।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কোরবানিয়া ঘোনার আকতার হোসেনের পুত্র মঈনুউদ্দিন (২৭), চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকার মৃত আলী আহমদের পুত্র মো. শফি (৩৫), টেকনাফের লম্বরী জাফরান বাড়ির নূর আলমের স্ত্রী আয়েশা খাতুন (২৫), কক্সবাজার পৌরসভার মহাজর পাড়ার মৃত মো. আলীর পুত্র নুরুল বশর (৩৪), টেকনাফের ওয়াইকং বালুখালী এলাকার মৃত সৈয়দ কবিরের পুত্র মুসা আকবর রুবেল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী ২টি গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় রুবেলের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মিনিট্রাক। এছাড়া একটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ অন্যদের গ্রেফতার করা হয়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner