
নিউজ ডেক্স : বান্দরবানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পঙ্কজ দেবনাথ (২৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের বালাঘাটা এলাকার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সম্ভবত রাতেই পঙ্কজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি তদন্ত টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি ও পঙ্কজের বন্ধু আশীষ বড়ুয়া জানান, রাতেই পঙ্কজকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে. দীর্ঘদিন ধরে মার্মা সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে পঙ্কজের প্রেমের সর্ম্পক ছিল। কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গে বনিবনা হচ্ছিল না তার।
পঙ্কজের বন্ধুরা জানান, আত্মহত্যার আগে পঙ্কজ তাদের কাছে ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকটি বার্তা পাঠান। ওই বার্তার ভিত্তিতে তার কয়েকজন বন্ধু দ্রুত তার বাসায় যান। বাসায় গিয়ে তাদের ছাদের বিমের সঙ্গে পঙ্কজের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে সেখান থেকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির সংগীতবিষয়ক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো বাংলাদেশি আইডলে বান্দরবানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পঙ্কজ দেবনাথ সেরা ৮ এর মধ্যে ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner