
নিউজ ডেক্স : শিক্ষক পেটানোর ঘটনার মূল হোতা সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ। শনিবার ভোরে পাবনার একটি বাসা থেকে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক বলেন, শিক্ষক লাঞ্চনার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, গত ৬ মে এইচএসসি পরীক্ষায় ডিউটির সময় প্রভাষক মাসুদুর রহমান দু’জন পরীক্ষার্থীকে নকলে বাঁধা দেন। এই ঘটনার সূত্র ধরে গত ১২ মে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হবার পথে প্রভাষক মাসুদুর রহমানের উপর হামলা চালায় বুলবুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সেই মারধরের ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনায় গত বুধবার মামলা হয়। পরে ছাত্রলীগ কর্মী সজল (২০) ও শাফিনকে (২০) গ্রেফতার করা হয়। তবে ‘রাজনৈতিক চাপে’ প্রধান অভিযুক্ত বুলবুল কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে আসামি করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।
প্রধান অভিযুক্তকে আসামি না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কলেজের শিক্ষকরা। মামলায় আসামি করা না হলেও শেষ পর্যন্ত ছাত্রলীগ সভাপতি জুন্নুনকে আটক করা হলো।
প্রভাষক মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করার পর ৩৬তম বিসিএসের মাধ্যমে যোগ দেন বিসিএস শিক্ষা ক্যাডারে।
Lohagaranews24 Your Trusted News Partner