
এলনিউজ২৪ডটকম : “লোহাগাড়ায় সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি” শিরোনামে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দৈনিক সাঙ্গু পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিক জাহেদুল ইসলামকে মুঠোফোনে হুমকী দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। একইদিন রাতে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই সাংবাদিক।
অভিযোগে প্রকাশ, “লোহাগাড়ায় সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি” শিরোনামে সংবাদের জের ধরে কে বা কারা পর পর তিনটি মোবাইল নাম্বার থেকে ফোন করে তাকে মারধর করে অঙ্গহানিসহ খুন করার হুমকি প্রদান করে। এতে ওই সাংবাদিক মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, লোহাগাড়ায় দিন দিন সাংবাদিক বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে। হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জাহেদুল ইসলাম লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক মানবকন্ঠের লোহাগাড়া প্রতিনিধি ও দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক।
Lohagaranews24 Your Trusted News Partner