
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৫ হাজার পিস ইয়াবা ও ২০ লিটার চোলাইমদসহ ৪ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চুনতী ও চরম্বা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, উপজেলার পশ্চিম কলাউজান এলাকার চাচী রাম কান্তি নাথের পুত্র সজীব কান্তি নাথ (৩০), কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আলী আহাম্মদের পুত্র মো. ইব্রাহিম (২২), কক্সবাজার সদর পৌরসভার ইসলামপুর এলাকার মো. রশিদ আহাম্মদের পুত্র মো. জাহেদ হোসেন (২২) ও ঢাকার ডিএমপি ভাটরা থানার ছোলমাইদ পূর্ব পাড়ার মো. মহির উদ্দিনের পুত্র মো. মনির হোসেন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ সজীব কান্তি নাথকে গ্রেপ্তার করা হয়। চুনতী ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে অন্যদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner