
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১০ হাজার ৩শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজার সদর থানার ২নং ওয়ার্ড বাহারছড়া এলাকার মো. আবুল বশরের পুত্র মো. ইকরাম হোসেন (৪২), উখিয়া থানার কুতুপালং এলাকার মৃত আবদুর রহমানের পুত্র মো. জাহেদ হোসেন (৩৯) ও উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়ার মৃত রফিক আহমদের পুত্র মো. খালেদ (২৭)।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় ইকরাম হোসেন ও জাহেদ হোসেনের কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর উত্তর পাড়ে জনৈক জাফর আহমদের চায়ের দোকানে অভিযান চালিয়ে মো. খালেদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩শ পিস ইয়াবা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner