ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় গোড়ালিসমান পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় গোড়ালিসমান পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিসমান পানিতে উপুড় হয়ে থাকা অবস্থায় মোহাম্মদ আকসান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আকসান একই এলাকার বাসিন্দা ও সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র। তার পিতা মোরশেদ হোসেন সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসার শিক্ষক ও পুরান বিওসি মসজিদের পেশ ইমাম।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার থেকে শিশু আকসানসহ একই বয়সী চার বন্ধু বাড়ির পাশে পরিত্যক্ত খোলা জায়গায় ফুটবল খেলছিল। ওই জায়গার কিছুস্থানে পায়ের গোড়ালিসমান পানি জমে ছিল। দুপুর ১টার দিকে তিন বন্ধু বাড়ি ফিরে গেলেও আকসান একাই সেখানে ফুটবল খেলতে থাকে। পরে দেড়টার দিকে এক পথচারী ওই জায়গার পানিতে আকসানকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!