
নিউজ ডেক্স : কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পণ্ডিত পাড়ায় বাজার এলাকায় নাসির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন।
এ ঘটনায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী জানান, মো. নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত এই দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
সম্প্রতি মো. নাছির উদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছু দিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত নাছিরও দায়ের কোপে খুন হন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. ফরহাদ আলী জানান, এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় এলাকায় অভিযান চালিয়েছে। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner