
ফাইল ছবি
নিউজ ডেক্স : চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদফতরে কমিটির নিয়মিত বৈঠক হয়। বৈঠকে জানানো হয়, বিশেষজ্ঞ কমিটি অক্টোবরের পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
সেপ্টেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৪৩ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। গত মাসে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহীতে ৬০ দশমিক ৪ শতাংশ। এ সময়ে ঢাকায় স্বাভাবিকের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner