
নিউজ ডেক্স : কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যেতে থাকা বন্ধুকে উদ্ধার করতে গিয়ে আরেক বন্ধু নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মো. তাহসিন (১৬) কুমিল্লা সদরের বাসিন্দা। সে কুমিল্লা সদরের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, সকালে কুমিল্লা থেকে মো. তাহসিনসহ চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসে। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যায়।
পরে একসঙ্গে সাগরে নামে তারা। একপর্যায়ে মো. ফয়সাল (১৬) স্রোতের টানে ভেসে যেতে দেখে অন্য বন্ধুরা তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ভেসে যায় মো. তাহসিন নামের আরেক বন্ধু।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে লাইফ গার্ডকর্মী, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও জেটস্কি চালকরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
তার সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনা কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করা হয়েছে বলেও জানান চৌধুরী মিজানুজ্জামান। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner