
নিউজ ডেক্স : পেশাজীবী সম্মেলনের আয়োজনসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন।বৃহস্পতিবার বিকেল ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরউল্লাহসহ জোটটির স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পেশাজীবীসহ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এ মাসের শেষ দিকে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের প্রস্তুতি, তারিখ নির্ধারণ, কারা কারা দাওয়াত পাবেন, কীভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে এসব বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের এক শীর্ষ নেতা জাগো নিউজকে বলেন, জাতীয় সংলাপের বিষয়েও বৈঠকে আলোচনা হবে। এ ছাড়াও সংলাপে কে কে যাবে, কী কী এজেন্ডা থাকবে, সেগুলো নিয়ে কথা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner