
নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে আনুমানিক ২৫ বছরের এক নারীর মাথার সন্ধান চালাচ্ছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বস্তাবন্দি অবস্থায় এই অজ্ঞাত নারীর দেহ একটি নালা থেকে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে হালিশহর থানার অফিসার ইনচার্জ এস এম ওবাইদুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় নালা থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। মরদেহের মস্তক ছিল না। এটি উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, পুলিশ এখন নারীর মস্তকের সন্ধান করছে। মরদেহ দেখে ধারণা করা যায়, শুক্রবার দিনে বা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নারীর মস্তক কেটে দেহ বস্তাবন্দি করে নালায় ফেলা হয়েছিল। এখন মস্তক পাওয়া গেলে নারীর পরিচয় জানা সহজ হতে পারে। তাই পুলিশ মস্তকের সন্ধান চালাচ্ছে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ বলেন, ‘পাশ্ববর্তী থানা এলাকায় অজ্ঞাত নারীর মস্তকবিহীন লাশ উদ্ধারের তথ্য জানার পর থেকেই পাহাড়তলী থানা পুলিশও নারীর মস্তকের সন্ধান চালাচ্ছে। কারণ, হত্যাকারীরা এক স্থানে হত্যার পর অন্য স্থানে গিয়ে লাশ ফেলতে পারে। আবার মস্তক পাহাড়তলী থানা এলাকায় এনে ফেলেনি, এমন নিশ্চয়তাও নেই। তাই মস্তকের সন্ধান চালানো হচ্ছে।’
Lohagaranews24 Your Trusted News Partner