
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মদিনায় হৃদরোগে লোহাগাড়ার আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের নিকট আত্মীয় মো. ইসহাক ওই ব্যক্তির মৃত্যুর সংবাদটি পরিবারের কাছে জানিয়েছেন।
নিহত শফি উল্লাহ (৫৬) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া মহেছেনের হাট এলাকার মৃত এজাহার মিয়া পুত্র ও ৬ সন্তানের জনক।
স্থানীয় হারুনুর রশিদ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জানান, শফি উল্লাহ কয়েকদিন যাবত জ্বর ও বুকের ব্যাথা অনুভব করছিলেন এবং স্থানীয় ফার্মেসী থেকে ঔধুধ খাওয়ার পর ভালো লাগছিল বলে মোবাইল ফোনে পরিবারকে জানিয়েছিলেন। তিনি মদিনা শহরের অদূরে আল মাহাদ আল দাহাবের কাছে বাগানে কাজ করতেন। সেখানেও করোনার কারণে সবার মতো তিনিও বাসায় অবস্থান করে আসছিলেন। ফলে তিনি বাসায় অবস্থানকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সর্বশেষ ২০১৪ সালে তিনি দেশে এসেছিলেন বলে পরিবার সূত্র জানায়।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সুনীল সরকার তাঁর ওয়ার্ডের শফি উল্লাহ নামে এক ব্যক্তি সৌদি আরবের মদিনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের মক্কায় সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হওয়ার পর হৃদরোগে মো. মোরশেদ (৪৫) নামে উপজেলার উত্তর আমিরাবাদ কালো আমিন পাড়ার এক যুবক মারা গেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner