
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মোহাম্মদ আবুল কাশেম (৩২) নামে যুবককে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত যুবক পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়ার আলী আহমদের পুত্র। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
জানা যায়, গতো ২ মাস যাবত স্কুল যাবার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল যুবক কাশেম। বিষয়টি ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক ও মা’কে অবহিত করেন। পরে ছাত্রীর মা উপজেলা প্রশাসনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গত ১৭ এপ্রিল রাতে ইভটিজারকে নিজ বাড়িতে থেকে আটক করে।

ভিকটিমের দেয়া তথ্য পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালত ওই যুবককে ৬ মাসের সাজা দেয়। জানা যায়, অশ্লীল অঙ্গভঙ্গি, যৌন বিরক্ত করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে এ সাজা দেয়া হয়েছে। গত ১৮ এপ্রিল সাজাপ্রাপ্ত আসামীকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner