
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় তিন দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পদুয়া তেওয়ারিহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানে মেসার্স তাজবিদ রাইচ এজেন্সির মালিক মুহাম্মদ ইউসুফকে ২০ হাজার টাকা, বাহাদুর অটো রাইচ মিলের মালিক বিকাশ সিকদারকে ৫০ হাজার টাকা ও রফিক স্টোরের রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।
এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner