
নিউজ ডেক্স : তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে দিদারুল আলম (৩০) নামে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করেছে। শনিবার (১ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী মানিকপাড়ায় এ ঘটনা ঘটে। দিদারুল আলম একই এলাকার নজির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর মো. আলাউদ্দিন তালুকদার জানান, কিছুদিন আগে আব্দুল মালেক প্রকাশ ইজু নামে এক বন্ধুর সাথে দিদারুল আলমের কথা কাটাকাটি হয়। পরে তা মীমাংসা করলেও প্রতিহিংসার বশীভূত হয়ে ওই বন্ধু দিদারুল আলমকে রাতে বাড়ির রাস্তায় ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতেই বন্ধুকে খুন করা হয়েছে। প্রতিহিংসার জেরে আব্দুল মালেক মোবাইল ফোনে ঘর থেকে ডেকে এনে দিদারুল আলমকে ছুরিকাঘাত করেছে। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান ওসি।’ -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner