
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ভুয়া ডিবিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বুধবার বক্সিরহাট পিতাম্বর শাহ দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. শহীদুল ইসলাম ইমন (২৪) ও দুলাল মোহাম্মদ ইমরান (২৬)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘আটককৃতরা পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল দিয়ে নগরীর বিভিন্ন স্পটে ছিনতাই করে। আজ দুপুরে বক্সিরহাটে একইভাবে প্রতারণার সময় ডিউটিরত পুলিশ তাদের দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যায়। এ সময় পেছন থেকে ধাওয়া করে তাদের আটক করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। প্রথমে নিজেদের তারা পুলিশের বিশেষ শাখার সদস্য পরিচয় দিলেও পরে জানা যায়, এ পরিচয় ভুয়া।

Lohagaranews24 Your Trusted News Partner