
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের চকবাজার থানার ডিসি রোডে ক্যাবল টিভির (ডিস) ব্যবসা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ নেতা নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার মধ্য রাতে নিহত মো. ফরিদুল ইসলামের স্ত্রী বাদি হয়ে মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে চকবাজার থানায় এ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, চকবাজার থানার এসআই মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিসি রোডে খুনের ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার বিকেল তিনটার দিকে নগরের ডিসি রোডে ক্যাবল টিভির (ডিস) ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. ফরিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডিসি রোডের গনি কলোনি এলাকার কেসিটিএন ক্যাবল নেটওয়ার্কের ৮ শতাধিক গ্রাহকের লাইন জোর করে কেটে দেওয়ার ঘটনায় সকাল থেকে বাদশা গ্রুপ ও ফয়সাল গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ সময় বাধা দিতে গেলে গুলিতে ফরিদুল গুলিবিদ্ধ হন।

Lohagaranews24 Your Trusted News Partner