
নিউজ ডেক্স : কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবেন মাশরাফি-সাকিবরা।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম রবিবার তার ফেসবুক পেইজে দলের খেলোয়াড়দের একসঙ্গে নামাজ আদায়ের একটি ছবি আপলোড করেছেন। দেখা যাচ্ছে এখানে ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ছবির ক্যাপশনে মুশফিকুর রহিম লিখেছেন, আপনি কোথায় আছেন সেটি কোনও বিষয় না। সবার আগে নামাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।
Lohagaranews24 Your Trusted News Partner