
নিউজ ডেক্স: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সুযোগে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলেও ইরানের অনুমতি না পাওয়ায় আরব আমিরাতের শারজাহ ফেরত যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল লাল-সবুজের পতাকাবাহী জাহাজটি।

বিএসসি সূত্র জানায়, বাংলাদেশি ৩১ জন নাবিক প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে রাস আল খাইর বন্দর থেকে নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে তাদের গন্তব্য হতো চার্টারারের ডিমান্ত অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিলের যেকোনো একটি বন্দর।
ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে ঢুকেছিল ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে যায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ সময় জাহাজটির খুব কাছেই একটি মিসাইল বা ড্রোন আঘাত হানে। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে নাবিকদের মধ্যে।
গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজের পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে পণ্য বোঝাই করার শিডিউল ছিল। তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করলেও ঝুঁকির কারণে আগের জায়গায় নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner