Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে মামলা

লোহাগাড়ায় ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে মামলা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চরম্বায় টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যসহ ৪ জনকে এজাহারভূক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থানার এসআই সীমান্ত পোদ্দার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আসামিরা হলেন উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের বাইয়ার পাড়ার মো. আব্দুস সাত্তারের পুত্র স্থানীয় ইউপি সদস্য মো. শওকত ওসমান (৪০), ফরুক আহমদের পুত্র মো. আব্দুল্লাহ (২৯), আবুল কাশেমের পুত্র মো. জাহাঙ্গীর (২৭) ও মৃত আব্দুল আলমের পুত্র রাজা মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের উত্তর পূর্ব পাশে উলুবুনিয়া নামক স্থানে জামছড়ি খাল সংলগ্ন এলাকায় টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রেজার (শ্যালো) মেশিন, ১টি পানি সেচ করার মেশিন, ৩টি শ্যালো মেশিনের পাম্পের অংশ, ১টি পাম্পের মুখ, ১টি পাম্পের পাখার শ্যাফ্ট, ৫টি পুরাতন বেলচা, ৫টি খন্ড খন্ড হোস পাইট ও একটি ৪৫ ফুট দৈর্ঘ্য পেঁচানো হোস পাইপ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে স্থানীয়রা জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে পাহাড়-টিলা কেটে বালু উত্তোলন করে আসছে। তারা অবৈধভাবে বালু উত্তোলন করায় পরিবেশগত সংকটাপন্ন সৃষ্টি, পাহাড় ভাঙন, ফসলি জমি এবং জনবসতির ক্ষতি সাধন করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ করেছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!