
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুলাই) সকালে দরজার তালাভাঙ্গা ও বাসার মালামাল এলোমেলো দেখতে পেয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র মোহাম্মদ আজিজ ও ভাড়াটিয়া চন্দনাইশের আবদুল কাইয়ুমের স্ত্রী শরমিন আক্তার। স্থানীয় ইউপি সদস্য মাওলানা আজিজুল হক চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, গত শনিবার লোহার দরজায় তালাবদ্ধ করে বাড়িওয়ালার স্ত্রী বাপের বাড়িতে ও ভাড়াটিয়া শরমিন আক্তার তার নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাসায় কেউ না থাকা সুযোগে চোরেরা তালা ভেঙ্গে দুই বাসায় চুরি করে। মোহাম্মদ আজিজ জানান, চোরেরা বাসায় থাকা স্বর্ণালংকার, টিভি, এক হাজার বিদেশী, কম্বল ও মূল্যবান ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। ভাড়াটিয়া শরমিন আক্তারের বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, ডিপিএস’র পাস বইসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান তিনি। চোরেরা তাদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা পরিমাণের মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner