
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবা ও চোলাইমদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ও সদর ইউনিয়নের রশিদের পাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলাহাজারা চা বাগান খ্রিষ্টান পাড়ার মিলন মল্লিকের পুত্র জোসেফ মল্লিক (৪৩), উখিয়া কুতুবপালং এলাকার মৃত আবদুল বারেকের পুত্র জাকির হোসাইন রাকিব (৩০) ও লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার মৃত আবুল হাসেমের পুত্র মুহাম্মদ জহির (৪৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জোসেফ মল্লিক ও জাকির হোসাইন রাকিবের কাছ থেকে ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছল। এছাড়া রশিদের পাড়ায় অভিযান চালিয়ে ৬শ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমসহ জহিরকে গ্রেফতার করা হয়। জহির এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২টি গ্রেফতারী পরোয়ানাসহ ৬টি মাদক মামলা রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবা ও চোলাইমসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner