
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চুনতি বনাঞ্চল পুনরুদ্ধারকল্পে আকাশমনি গাছ অপসারণ করে দেশীয় প্রজাতির চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের সাপমারা এলাকায় ২৫ হেক্টর জায়গায় চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার প্রমুখ।
উদ্বোধনকালে বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, চুনতি অভয়ারণ্য এশিয়ান হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থান। এ বনকে রক্ষা করতে হলে আকাশমনি অপসারণ করে দেশীয় প্রজাতির গাছের রোপন করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় প্রাকৃতিক বনের বিকাশ করতে হবে। এছাড়া অভয়ারণ্য যাতে আর ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে বনবিভাগের সজাগ দৃষ্টি রয়েছে। পর্যায়ক্রমে চুনতি অভয়ারণ্যে সকল আকাশমনি অপরসারণ করে দেশীয় প্রজাতির গাছের চারা রোপন ও জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে। অভয়ারণ্যের হারানো গৌরব ফিরে আনতে কাজ করে যাচ্ছি।
Lohagaranews24 Your Trusted News Partner