
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. রিফাত (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রিফাত একই এলাকার সিদ্দিক সওদাগরের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্রধারী রিফাতের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বসতঘর তল্লাশী করে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ২ লিটার দেশীয় মদ, ৪টি রাম দা, ১টি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, ১টি মোবাইল ব্যাটারি, ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১টি পেনড্রাইভ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত সরঞ্জামসহ তাকে থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner