
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে এক রাতে কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৬ জুলাই) গভীর রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিরিখিল নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. নুর আলম ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে গরুগুলো রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালাভেঙ্গে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner