
নিউজ ডেক্স : কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশি মোহাম্মদ মাসুদ (৩৫) এর বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়াডে। তিনি রুহুল আমিন মেম্বার এর ছেলে।
দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে ১০টায় আহত মাসুদ মারা যান বলে জানিয়েছেন নিহত মাসুদের ছোট ভাই জহির উদ্দিন বাবর।

গত শুক্রবার দোহা আল ওকির এলাকায় পাকিস্তানি একজন নাগরিকের প্রাইভেটকার মাসুদদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে মাসুদ গুরুতর আহত হন। তার লাশ ‘দোহা হামাদ’ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কাতারি নাগরিকের বাসায় ১২ বছর কর্মরত ছিলেন।
দূতাবাস কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারের পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner