
নিউজ ডেক্স : নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থিরা যেন কোনোভাবেই আক্রান্ত না হন, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বীরা যেন শারীরিক ও মানসিক কোনোভাবেই আঘাত না পান, সেদিকে দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

আজ রবিবার সকালে নড়াইল আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নড়াইলের মানুষের সেবা করতে চাই।’
জয়ী হলে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, আমার প্রতীক নৌকা, আপনারা সবাই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন। আমি আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।
এ ছাড়াও নৌকার টিকিট দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনায়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner