
নিউজ ডেক্স : কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া কাপ্তাইয়ের চিত্মরম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী রিয়া আক্তারের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন।
নিহত স্কুলছাত্রী রিয়া আক্তার (৭) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার ওবায়েদ উল্লাহর মেয়ে। ওবায়েদ উল্লাহ বর্তমানে কাপ্তাইয়ের চিত্মরমে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন।

স্থানীয় লোকজন জানায়, গত বুধবার দুপুরে কর্ণফুলী নদীর কাপ্তাইয়ের চিত্মরম খিয়াং ঘাটে রিয়া আক্তার ছোট বোন প্রিয়াকে নিয়ে সবার অজান্তে গোসল করতে নামে। নদীতে নামার পর রিয়া হঠাত্ পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজতে নামে স্থানীয় লোকজন। খবর দেওয়া হলে গত দুই দিন ধরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা রিয়াকে উদ্ধারে নদীতে তল্লাশি চালান। কাপ্তাইয়ের ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের তত্ত্বাবধানে ডুবুরিরা এ তল্লাশি চালান। এর একপর্যায়ে গতকাল সকালে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশুটির লাশ। গতকাল গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় রিয়ার লাশ দাফন করা হয়।
কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম জানান, প্রতিবছর কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে অবস্থান করা কোনো না কোনো পরিবারের অসচেতনতার কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। নদীতীরবর্তী বসবাসকারীদের আরো সচেতন হতে হবে।
Lohagaranews24 Your Trusted News Partner