
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ও পচা সাবান গলিয়ে রাসায়নিক মিশিয়ে নতুন মোড়কে বাজারজাত করায় এক কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের তেলিবিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী।

জানা যায়, জনৈক মফিজুর রহমান নামে এক ব্যক্তি গোপনে একটি সাবান তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে কারখানা থেকে বিভিন্ন কোম্পানীর মেয়াদ উত্তীর্ণ কাপড় কাচার প্রায় ১৫০ বস্তা সাবান ও বিভিন্ন কোম্পানীর নামে প্রায় ২ বস্তা সাবানের প্যাকেট জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক পালিয়ে যায়। তবে কারখানা থেকে সামশুল ইসলাম নামে এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদান করা হয়।
সে জানায়, মেয়াদ উত্তীর্ণ পচা সাবান বিভিন্ন কোম্পানী থেকে সংগ্রহ করে কারখানায় নিয়ে আসে। এরপর বিভিন্ন ক্যামিকেল মিশিয়ে নতুন সাবান তৈরি করা হয়। পরে নতুন প্যাকেটে বাজারজাত করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক সামশুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কারখানা থেকে উদ্ধারকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। এছাড়া কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner