
নিউজ ডেক্স : নিখোঁজ হওয়ার ছয় মাস পর বাড়িতে ফিরেছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় তাদের বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে কে বা কারা হুম্মাম কাদের চৌধুরীকে রেখে যায়। এরপর তিনি বাসায় ফেরত যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
দিদার বলেন, হুম্মাম কিভাবে এলেন, কারা নিয়ে এলো, এসব নিয়ে পরিবারের সদস্যরা হুম্মামের সঙ্গে এখনও কোনো কথা বলেননি। পূর্ণ বিশ্রামে রয়েছেন হুম্মান।
তবে, খালেদা জিয়ার এই মিডিয়া উইং কর্মকর্তার দাবি, যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তারাই ফেরত দিয়ে গেছে।
উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট ঢাকা সিএমএম কোর্টে যাওয়ার সময় হুম্মাম নিখোঁজ হয়েছিলেন। তখন তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপহরণ এবং গুম করেছে। এর পর থেকে হুম্মামের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
হুম্মামকে পুলিশ আটক করেছে কি না, কিংবা আটক করা হলে তাকে কোথায় নেওয়া হয়েছে, এসব বিষয়ে তখন পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner