
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার এস.বি.এম ব্রিকফিল্ড এলাকায় ৩০ এপ্রিল সোমবার দুপুর আড়াইটায় কালবৈশাখীর প্রচন্ড বাতাসে সড়কে গাছ পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এসময় যানজটে আটকে পড়ে সড়কে চলাচলরত কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ এসে গাছ কেটে সরালে আধাঘন্টা পর গাড়ি চলাচল শুরু হয়। কালবৈশাখী বাতাস শুরু হওয়ার আগে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।
জনার কেঁওচিয়ার বাসিন্দা মোঃ ফরিদুল আলম জানান, সোমবার দুপুর আড়াইটার সময় হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হলে উপজেলার পুরো এলাকায় বাড়ির আঙিনায় ও সড়কে গাছের ডালপালা ভেঙে পড়ে। এ সময় কেরানীহাটের উত্তরে এস.বি.এম এলাকায় মহাসড়কের পশ্চিমে বেশকিছু গাছ সড়কে ভেঙে পড়লে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে গাড়ি আটকে যায়। বাতাসের সাথে সাথে বৃষ্টি শুরু হলে সড়ক থেকে গাছ সরাতে কিছুটা দেরি হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, প্রচন্ড বাতাসে সড়কে গাছ ভেঙে পড়লে উভয় পাশে গাড়ি আটকে যায়। এতে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সড়ক থেকে গাছগুলো সরানো হলে সড়কে যান চলাচল শুরু হয়।

Lohagaranews24 Your Trusted News Partner