
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে পুকুরে ডুবে নুপাইশা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাউজান হাজির পাড়ার ফয়সাল বিন রহিমের কন্যা ও শাহ মজিদিয়া ইসলামিক কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী। রোববার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে বাড়ি সন্নিহিত পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পড়ালেখা করার জন্য কিন্ডার গার্টেন গিয়েছিল শিশু নুপাইশা। সেখান থেকে বাড়িতে দুপুরের খাবার খেতে আসে। পুণরায় কিন্ডার গার্টেনের যাবার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গা খোঁজাখুজি করা হয়। সম্ভাব্যস্থানে খুঁজেও না পাওয়ায় বাড়ি সন্নিহিত পুকুরে হাত জাল দিলে খোঁজাখুজির এক পর্যায়ে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুপুরে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে নামলে পানিতে ডুবে যায়।
একইদিন রাতে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner