
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা গ্রামে দুর্বৃত্তের হাতে এক যুবক প্রহৃত হয়েছেন। এ সময় তার কাছে থাকা নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত ১৪ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি সাংবাদিকের কাছে জানিয়েছেন প্রহৃত যুবকের শ্বশুর জাহাঙ্গীর আলম।
প্রহৃত যুবক আনোয়ারুল আজিম (৩০) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজমেস্ত্রী)।

প্রহৃত যুবকের শ্বশুর জানান, গত ৭ সেপ্টেম্বর তার মেয়ে পিত্রালয়ে বেড়াতে আসে। ঘটনার রাতে তার মেয়ে জামাই শ্বশুরালয়ে আসার পথে দুর্বৃত্তের কবলে পড়ে। দুর্বৃত্তরা তাকে বেদম প্রহার করে ও নগদ ১৩ হাজার টাকা নিয়ে যায়। পথচারীরা তাকে আহত অবস্থায় দেখে শ্বশুরালয়ে খবর দেয়। পরে তাকে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শাকিল রানা জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন প্রকার অভিযোগ বা অবহিত করেনি।
Lohagaranews24 Your Trusted News Partner