Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় হেফজখানার ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

লোহাগাড়ায় হেফজখানার ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক হেফজখানার ছাত্রকে (৯) যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলায় মো. রিয়াদ উদ্দিন (২৫) নামে একজন শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত রিয়াদ উদ্দিন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজির পাড়ার আহমদ কবিরের পুত্র ও সদর ইউনিয়নের মুন্সি পাড়া এলাকায় আল হেলাল মডেল হেফজখানার শিক্ষক ছিলেন। ঘটনার পর থেকে হেফজখানাটি বন্ধ করে দেয়া হয়েছিল।

জানা যায়, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর হেফজখানায় ছেলেকে দেখতে যান তার মা। এ সময় ছেলের মন খারাপ অবস্থায় দেখতে পান। মা মন খারাপের কারণ জানতে চাইলে ছেলে প্রথমে বলতে অপরাগতা প্রকাশ করে এবং বাড়িতে গিয়ে বলবে বলে জানায়। এক পর্যায়ে ছেলে তার মাকে হেফজখানার শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের বিষয়টি খুলে বলে।

এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে যান। এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন। ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মাহ্মুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় হেফজখানার শিক্ষক রিয়াদ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় দন্ডিত রিয়াদ উদ্দিন ট্রইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!