
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক স্কুলছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৩ ডিসেম্বর) এ ঘটনায় স্কুলছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় সৈয়দ আলমগীর (৪৭) নামে একজনকে আসামী করা হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মধ্য আমিরাবাদ সৈয়দ পাড়ার মৃত সৈয়দ নুরুল কবিরের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলছাত্র (১৫) দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে নিজবসত থেকে মাস্টারহাট এলাকায় যান ভূক্তভোগী স্কুলছাত্র। সকাল ৮টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় পৌঁছলে আসামী আলমগীর ওই স্কুলছাত্রকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তার দোকানের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে আসামী আলমগীর স্কুলছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় ভূক্তভোগী স্কুলছাত্র শোরচিৎকার করলে আসামী দোকানের দরজা খুলে দিলে দ্রুত বাড়িতে চলে যায়।
লোহাগাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী স্কুলছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner