
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মাটি খেকোদের বিরুদ্ধে রাতব্যাপী অভিযান চালিছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও ৪টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। অভিযানে সাথে ছিলেন সেনাবাহিনী ও পুলিশের টিম এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

অভিযানে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকায় এরশাদ হোসেনকে ২ লাখ টাকা, পদুয়ায় জুনাইদকে ৫০ হাজার টাকা ও আমিরাবাদে আবদুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে রাজঘাটা ও পদুয়া এলাকা থেকে মাটি পরিবহণের ডাম্পট্রাক এবং গাছের গাড়ি জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, রাতে উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমির টপসয়েল ও পাহাড়-টিলা কাটার খবর পাওয়া যায়। তারই প্রেক্ষিতে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ মাটি খেকোকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ৪টি ডাম্পট্রাক। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা প্রশাসন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদেরকে নিয়ে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল, পাহাড়-টিলা কাটা ও বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner