
এলনিউজ২৪ডটকম: ‘মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। রোববার (৩ মার্চ) সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। এতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি এবং ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান দিবসের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।


চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ সহকারি বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার কামাল, প্রধান শিক্ষক বেলাল আহমদ ও সাংবাদিক কাইছার হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৃতি আমাদের অকৃত্রিম বন্ধু। সুন্দর এই প্রকৃতি এবং পরিবেশের অবিচ্ছেদ্য অংশ বন ও বন্যপ্রাণী। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব শুধু যে বন্যপ্রাণীর জন্য তাই নয়, কোন না কোনভাবে মানুষের অস্তিত্বও টিকে থাকার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ করা জরুরি। বন্যপ্রাণী সুরক্ষায় বিশ্বের সব নাগরিককে সোচ্চার আর সচেতন হতে হবে। যেখানেই বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ সংগটিত হবে সেখানেই স্থানীয়দের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner