
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে সোনা জান (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পানত্রিশা মন্দুলার চরের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোনা জান একই এলাকার আকবর আহমদ প্রকাশ আবু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহত সোনা জানের মানসিক সমস্যা রয়েছে। ঘটনারদিন সে মন্দুলার চর পাহাড়ি এলাকায় জ্বালানীর জন্য গাছের ডালাপালা খুঁজতে যান। সেখানে থেকে ফেরার পথে একটি বন্যহাতি ধানক্ষেতে বিচরণ করতে দেখেন। হাতিটি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন ওই নারী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্বাস আলী জানান, বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহতের ঘটনা তাদেরকে কেউ অবগত করেননি। এই ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner