
নিউজ ডেক্স : রাজধানীর বনানীতে হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে (মো. আব্দুল হালিম) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশ সদর দফতরের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।’

এর আগে গত ১১ মে সিলেট থেকে এ মামলার প্রধান আসামি সাফাত আহমেদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এর চারদিন পর গত ১৫ মে রাজধানীর নবাবপুর ও গুলশান-১ থেকে গ্রেফতার হয় মামলার অপর দুই আসামি সাফাতের গাড়িচালক বিল্লাল এবং দেহরক্ষী আজাদকে (রহমত)।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনার প্রায় ৪০দিন পর গত ৬ মে বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা।
মামলার আসামি সাফাত আপন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দিলদার আহমেদের ছেলে। আর সাদমান সাকিফ রেগনাম গ্রুপের মালিকের ছেলে এবং ওই গ্রুপের পরিচালক।
নাঈম আশরাফ নিজেকে আওয়ামী লীগ নেতার ছেলের বন্ধু বলে পরিচয় দিয়ে থাকে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা প্রতারণার অভিযোগ রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner